প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি অর্থবছরের ১২তম বৈঠক মঙ্গলবার সকালে শুরু হয়েছে। বিএনপি সরকারের অধীনে এটি একনেকের চতুর্থ সভা।
সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, অবকাঠামো উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।
সভায় অনুমোদনের জন্য উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক জোন স্থাপন প্রকল্প। প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে ৮০০ একর জমির ওপর এ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের আগে প্রকল্পটির অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এছাড়া শিশুস্বাস্থ্য সেবা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ নামে একটি নতুন প্রকল্পও একনেকে উত্থাপন করা হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত বাস্তবায়ন মেয়াদের এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৪৪ কোটি টাকা।
একনেক সভায় আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
বৈঠক শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার