বিএসএফের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত দাবি
ভারতীয় নাগরিকদের বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানোর অভিযোগে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ ধরনের কর্মকাণ্ডকে বেআইনি, অন্যায় এবং কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালার পরিপন্থী। এ ধরনের পদক্ষেপ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে ১১ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী এবং একজন প্রতিবন্ধী শিশুও রয়েছে বলে দাবি করা হয়েছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন বলেও উল্লেখ করা হয়।
এছাড়া পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্ত দিয়েও ১০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে কুড়িগ্রাম, মেহেরপুর, শেরপুরসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মোট ৩২০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা চালানো হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিজিবি, আনসার-ভিডিপি এবং স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে এসব প্রচেষ্টা একাধিকবার ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার চিঠি পাঠালেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল সীমান্তে এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। একই সঙ্গে তিনি অভিযোগকৃত ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার