বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হিসেবে আলোচনায় উঠে এসেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার প্রতিষ্ঠিত মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেসএক্সের রেকর্ড পরিমাণ প্রাথমিক শেয়ার বিক্রি (আইপিও) প্রতিষ্ঠানটির বাজারমূল্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ায় এই মাইলফলক অর্জনের দাবি উঠে এসেছে।
আইপিওর মাধ্যমে স্পেসএক্স প্রায় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা বৈশ্বিক পুঁজিবাজারের ইতিহাসে অন্যতম বৃহৎ শেয়ার ছাড় হিসেবে বিবেচিত হচ্ছে। কোম্পানিটি প্রতি শেয়ার ১৩৫ ডলার দরে প্রায় ৫৫ কোটি ৫৬ লাখ ক্লাস-এ শেয়ার বিক্রি করে।
এই মূল্য নির্ধারণের ফলে স্পেসএক্সের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, ‘এসপিসিএক্স’ প্রতীকে নাসডাকে লেনদেন শুরু হলে প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাতারে স্থান করে নিতে পারে।
আইপিও-সংক্রান্ত নথি অনুযায়ী, তালিকাভুক্তির পর ইলন মাস্কের হাতে প্রায় ৮৪ কোটি ৯৫ লাখ ক্লাস-এ শেয়ার এবং ৫৫৭ কোটি ক্লাস-বি শেয়ার থাকবে। এর ফলে তিনি কোম্পানির মোট ভোটিং ক্ষমতার প্রায় ৮৪ দশমিক ৪ শতাংশ নিয়ন্ত্রণ করবেন।
আইপিওর নির্ধারিত মূল্য অনুযায়ী স্পেসএক্সে মাস্কের মালিকানার কাগুজে মূল্য প্রায় ৮৬৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। স্পেসএক্স ছাড়াও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার মালিকানা ও বিনিয়োগের মূল্য যোগ করলে তার মোট সম্পদের পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে ইলন মাস্ক ইতোমধ্যে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এবার বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে নতুন ইতিহাস গড়ার দাবিতে তিনি আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক