সাফজয়ী ঋতুপর্ণার স্বপ্নের ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর অনুদান, হাতে তুলে দেওয়া হলো বিশেষ চেক

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৯ জুন ২০২৬, ১১:৫৭ রাত
  • ৮৭৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় সংসদ ভবনে অনানুষ্ঠানিক আয়োজনে সহায়তা প্রদান; উপস্থিত ছিলেন ক্রীড়া ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী এবং বাফুফে সভাপতি

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ও সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক অনানুষ্ঠানিক অনুষ্ঠানে তার হাতে গৃহনির্মাণের জন্য বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য জেলা রাঙ্গামাটির কৃতি সন্তান ঋতুপর্ণা চাকমার পরিবারের আবাসন-সংক্রান্ত প্রয়োজন বিবেচনায় নিয়ে এই সহায়তা প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা বিষয়টির বাস্তবায়নের অংশ হিসেবে গৃহনির্মাণে আর্থিক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে ঋতুপর্ণার ক্যানসারে আক্রান্ত মা ভূজোপতি চাকমার চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। সে সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পরিবারের কাছে অনুদান পৌঁছে দেয়।

দেশের নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নাম ঋতুপর্ণা চাকমা। পাহাড়ি অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২২ ও ২০২৪ সালে বাংলাদেশ নারী দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ২০২৫ সালে এএফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের ঐতিহাসিক যোগ্যতা অর্জনের পথচলাতেও তার অবদান ছিল উল্লেখযোগ্য।

ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জাতীয় দলের খেলোয়াড়দের কল্যাণে এ ধরনের উদ্যোগ খেলাধুলার প্রতি নতুন প্রজন্মকে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে দেশের ক্রীড়াবিদদের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক বার্তা দেবে।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় গৃহনির্মাণ প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তাদের মতে, পার্বত্য অঞ্চলের প্রতিভাবান তরুণ-তরুণীদের এগিয়ে নিতে এবং তাদের সাফল্যের যথাযথ মূল্যায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad