প্রবাসী বাংলাদেশিদের নানা দুর্ভোগ, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরতে গিয়ে জাতীয় সংসদে আবেগাপ্লুত হয়ে পড়েন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার সংসদে প্রবাসীদের সমস্যা নিয়ে বক্তব্য দেওয়ার সময় একপর্যায়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। কঠোর পরিশ্রম, পরিবার থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা এবং নানা প্রতিকূলতার মধ্যেও তারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। তিনি প্রবাসীদের ‘জাতির যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে তাদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করার আহ্বান জানান।
প্রবাসীদের ভোগান্তি কমাতে এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি।
ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যের প্রশংসা করেন। তিনি বলেন, আজকের আলোচনায় বিরোধীদলীয় নেতা অত্যন্ত গঠনমূলক বক্তব্য রেখেছেন। তিনি কেবল বিরোধীদলীয় নেতার ভূমিকায় নয়, জাতীয় স্বার্থের বিষয়টি সামনে রেখে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রবাসীরা দেশের গর্ব এবং তাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংকটকালেও প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সংসদে প্রবাসীদের কল্যাণ, নিরাপত্তা এবং অধিকার রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হওয়ায় বিষয়টি সংসদ সদস্যদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার