পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১০ম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি অতীতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁকে সংবর্ধনা জানান। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত উপাচার্য। এ সময় বিএনসিসি ও বিশ্ববিদ্যালয় আনসার সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
এরপর সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলন কক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবি শিক্ষক সমিতির (ইউট্যাব) সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. এ.বি.এম. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, মহান আল্লাহর রহমতে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষকদের সহযোগিতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাদের কল্যাণ ও কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করাই হবে প্রশাসনের প্রধান অগ্রাধিকার। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আধুনিক, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
নবনিযুক্ত উপাচার্য বলেন, “আমাদের লক্ষ্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া এবং একে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করা হবে।
দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে জোহরের নামাজের পর প্রশাসনিক ভবনের সামনে একটি ফলদ ও একটি বনজ গাছের চারা রোপণ করেন তিনি।
উল্লেখ্য, গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রথম দর্পণ,ডেস্ক