ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক’ সাজিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি, সরকারকে মিথ্যা দোষারোপ এবং নারী নির্যাতনের মতো ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
রোববার (১৪ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মুহাম্মদ বাবর, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ অভিযোগ করেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, এসব ঘটনা আড়াল করতে অপহরণ ও গুমের নাটক সাজিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রসমাজকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় জাবি ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মুহাম্মদ বাবর বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের ছাত্ররাজনীতিতে গণতান্ত্রিক সহাবস্থান ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু ছাত্রশিবির বিএনপি ও ছাত্রদলকে লক্ষ্য করে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে সেই পরিবেশ নষ্ট করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সব ছাত্রসংগঠনের দায়িত্বশীল আচরণ করা উচিত। বিভ্রান্তি, অপপ্রচার ও সংঘাতের রাজনীতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ভিত্তিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ কর্মসূচি শেষে নেতাকর্মীরা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক