শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে শুনানিতে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই নির্দেশ দেন। আদালত আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে একজন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়।
আদালত সূত্রে জানা যায়, মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানির জন্য প্রয়োজনীয় পেপারবুক ইতোমধ্যে বিজি প্রেস থেকে প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। বর্তমানে তা যাচাই-বাছাই চলছে। পেপারবুক সম্পন্ন হওয়ায় যেকোনো সময় বিশেষ বেঞ্চে মামলার চূড়ান্ত শুনানি শুরু হতে পারে।
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিলে তা কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন বাধ্যতামূলক। এই প্রক্রিয়াই ডেথ রেফারেন্স মামলা নামে পরিচিত।
এর আগে ৯ জুন ঢাকার নিম্ন আদালত থেকে ডেথ রেফারেন্স অনুমোদনের নথি হাইকোর্টে পাঠানো হয়। এর আগে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করে।
এখন হাইকোর্টে মামলাটির চূড়ান্ত শুনানির অপেক্ষা চলছে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার