ফরিদপুরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত গণভোটের রায়কে বিএনপি ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রত্যাখ্যান করেছে, যা তিনি “জাতির সঙ্গে বেইমানি” হিসেবে আখ্যায়িত করেন।
বুধবার ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আযাদ দাবি করেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণ সংবিধান সংশোধনের পরিবর্তে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তার ভাষায়, “৭১ শতাংশ জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে। এই রায় বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, জনগণের এই রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।
সভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, সৎ ও দক্ষ নেতৃত্বের অভাবে দেশ দুর্নীতি ও অনিয়মের চ্যালেঞ্জ থেকে মুক্ত হতে পারছে না। এ পরিস্থিতি মোকাবিলায় ছাত্রসমাজকে আদর্শিক ও নৈতিকভাবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
ছাত্রশিবিরের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, চরিত্র গঠন, সাংগঠনিক শৃঙ্খলা, আদর্শিক মানোন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো—এসব বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীন, জেলা নায়েবে আমির মো. ইমতিয়াজ আহমেদ, আবু হারিস মোল্লা, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার