দেশে স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় সরকার নিয়ন্ত্রকের ভূমিকায় নয়, বরং সহায়ক ও সমন্বয়কারী অংশীদার হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্মুক্ত আলোচনা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি সর্বজনগ্রাহ্য কমিশন কাঠামো গড়ে তোলা হবে। তিনি উল্লেখ করেন, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের বিভিন্ন ধারার প্রতিনিধিদের একই প্ল্যাটফর্মে এনে স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। সেই সংস্কারের গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হলো গণমাধ্যম। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং উন্নয়ন প্রক্রিয়ায় গণমাধ্যমকে কার্যকর অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার গণমাধ্যম প্রতিনিধিদের সুস্পষ্ট মতামত ও পরামর্শ প্রত্যাশা করছে।
তিনি বলেন, “আমরা এমন একটি গণমাধ্যম কমিশন গঠন করতে চাই, যা হবে শক্তিশালী, স্বাধীন ও জবাবদিহিমূলক। এ লক্ষ্য অর্জনে গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষের গঠনমূলক মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের প্রতিনিধি, টেলিভিশন মালিক, সম্পাদক, সাংবাদিক, গবেষক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন। উপস্থিত সংগঠনগুলোর মধ্যে ছিল ন্যাশনাল এডিটরস কাউন্সিল, নোয়াব, টেলিভিশন এডিটরস কাউন্সিল, অ্যাটকো, বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ, বিজেসি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাসস এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
তথ্যমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্যের পর মূল অধিবেশনে অংশগ্রহণকারীরা স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় কমিশন গঠনের লক্ষ্যে একটি জাতীয় কর্মপরিকল্পনার খসড়া প্রণয়নে নীতিগত ঐকমত্য প্রকাশ করা হয় এবং প্রয়োজনীয় সুপারিশ ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরা হয়।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার