সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার ভুইয়াগাঁতীতে রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। দৈনিক করতোয়ার রায়গঞ্জ প্রতিনিধি মো. রুহুল আমিন বকুলের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাদ্দেস হোসাইন সোহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবর আলী খোকন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়ুব আলী মন্ডল, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাসান সোহাগ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপি মিডিয়া সেলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা।
অনুষ্ঠানে ভোরের দর্পণ পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি পারভেজ সরকারসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলার সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তাঁরা বলেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ ও নির্ভীক সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক করতোয়া ভবিষ্যতেও তার দায়িত্ব আরও দৃঢ়তার সঙ্গে পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে কেক কেটে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার