গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৬, ১০:৫৮ দুপুর
  • ৫১৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জামালপুরে নতুন গ্যাস পাম্প স্থাপন ও চলমান গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকরা।

সিএনজিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামালপুরে দীর্ঘদিন ধরে মাত্র একটি গ্যাস পাম্প—জাবেদ ফিলিং স্টেশন—থেকে সিএনজিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। জেলার বিআরটিএ নিবন্ধিত সিএনজির সংখ্যা প্রায় ৩ হাজার। এর বাইরে বিভিন্ন এলাকা থেকে আসা সিএনজিসহ জেলায় চলাচলকারী মোট সিএনজির সংখ্যা প্রায় ৫ হাজার।

চালকদের অভিযোগ, বিপুলসংখ্যক সিএনজির বিপরীতে মাত্র একটি গ্যাস পাম্প থাকায় প্রতিদিনই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না। ফলে গ্যাসের সংকটে তাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সিএনজিচালক জয়নাল আবেদীন বলেন, ‘রাত দুইটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। হঠাৎ শুনি গ্যাস নেই। এটা শুধু আজকের সমস্যা নয়, মাঝেমধ্যেই এমন হয়। জামালপুরে এত সিএনজি, অথচ গ্যাস পাম্প মাত্র একটি। একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে একটি পাম্প হওয়ায় আমাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি। আমরা নতুন গ্যাস পাম্প চাই এবং গ্যাস সংকটের স্থায়ী সমাধান চাই।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গ্যাস পাম্পের স্বল্পতা ও গ্যাস সংকটের কারণে সিএনজি চালকরা মহাসড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলছে। যান চলাচল স্বাভাবিক করতে তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

চালকদের দাবি, দ্রুত নতুন গ্যাস পাম্প স্থাপনের পাশাপাশি জামালপুরের দীর্ঘদিনের গ্যাস সংকটের স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad