দেশজুড়ে সিএনজি পাম্পগুলোতে চলমান জ্বালানি সংকট দ্রুত সমাধানে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘সিএনজি পাম্পগুলোতে সারাদেশে অসহনীয় সংকট চলছে। এ ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য ও উদ্যোগ দেখতে চাই।’
তিনি বলেন, সংকটের আশু সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। কোনো গোঁজামিল বা মিথ্যাচারের আশ্রয় নিয়ে এ সংকটের সমাধান করা সম্ভব নয়।
অতীতে সংকট সৃষ্টি হওয়ার পর জ্বালানির দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এবারও যাতে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে। সংকটের সুযোগে জ্বালানির মূল্য বৃদ্ধি করা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
তিনি চলমান জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রথম দর্পণ,ডেস্ক