নারীকে হেনস্তার ভিডিও ধারণের জেরে সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৬ আগস্ট ২০২৬, ০৮:৪৪ রাত
  • ৩৭৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর বিজয় সরণি এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক নারীকে পুলিশ সদস্যদের মারধরের ভিডিও ধারণ করায় গ্লোবাল টেলিভিশনের মোজো রিপোর্টার বুলবুল হোসেনকে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে রমনার ডিএমপি সদর দপ্তরে কমিশনারের কাছে অভিযোগটি জমা দেন বুলবুল হোসেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বিজয় সরণি সিগন্যাল এলাকায় দায়িত্ব পালনকালে তিনি দেখতে পান, কয়েকজন পুলিশ সদস্য এক নারীকে মারধর করছেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি ঘটনাটির ভিডিও ধারণ শুরু করলে পুলিশ সদস্যরা তার দিকে এগিয়ে এসে জোরপূর্বক তাকে একটি পুলিশ ভ্যানে তুলে নেন।

অভিযোগে বুলবুল হোসেন বলেন, ভ্যানে তোলার পর পুলিশ সদস্যরা তাকে বারবার জিজ্ঞাসাবাদ করেন কেন তিনি ভিডিও ধারণ করেছেন এবং ভিডিওটি মুছে ফেলার জন্য চাপ দেন। তিনি নিজেকে গণমাধ্যমকর্মী হিসেবে পরিচয় দিয়ে ভিডিও মুছে ফেলতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

তার ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্যরা তার মাথায় আঘাত করেন, ভ্যানের মেঝেতে ফেলে মারধর করেন এবং একপর্যায়ে বুট পরা পা দিয়ে বুকে চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে তিনি পুলিশ ভ্যান থেকে উদ্ধার হন।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মাথা, চোখ ও বুকে আঘাতের চিহ্ন শনাক্ত করেন এবং আঘাতের মাত্রা বিবেচনায় তাকে তিন দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন।

ডিএমপি কমিশনারের কাছে দাখিল করা অভিযোগে বুলবুল হোসেন বলেন, একজন স্বাধীন গণমাধ্যমকর্মী হিসেবে পেশাগত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। তিনি ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযোগের পর ডিএমপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad