কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীরা। তিনি মনে করেন, সুপরিকল্পিত প্রস্তুতি ছাড়া এ ধরনের ঘোষণা নেতাকর্মীদের জন্য আইনি ও রাজনৈতিক জটিলতা তৈরি করছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মরহুম আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীরাই বেশি ক্ষতির মুখে পড়ছেন। পরিকল্পিতভাবে এমন ঘোষণা দেওয়া হলে দলটির নেতাকর্মীরা সংগঠিত হওয়ার সুযোগ পেতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ ধরনের ঘোষণার কারণে অনেকেই গ্রেপ্তার হচ্ছেন এবং বিভিন্ন আইনি জটিলতায় পড়ছেন।
ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, দেশের যে ক্ষতি হয়েছে, তার বিচার হলেও তা যথেষ্ট হবে না। তবে জুলাই দিবসের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. ইউনূসকে যে সম্মান দেখিয়েছেন, সেটিকে তিনি রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
বর্তমান সরকারের কার্যক্রম মূল্যায়ন করে কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও বর্তমান সরকার অধ্যাপক ইউনূসের সময়ের তুলনায় দেশ পরিচালনায় ভালো করছে।
জামায়াতে ইসলামী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, দলটি ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ভুল রাজনৈতিক অবস্থান নিয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে তারা ব্রিটিশদের পক্ষে ছিল এবং মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়নি। এ কারণেই দলটির রাজনৈতিক অধঃপতন ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার