সংগীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজসেবী দিঠি আনোয়ার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করে এ সিদ্ধান্ত নিয়েছে। গত ২৯ জুলাই উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দিঠি আনোয়ার। তিনি বলেন, তাঁর প্রয়াত বাবা ছিলেন দেশের একজন খ্যাতিমান চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও গীতিকার এবং আজীবন চলচ্চিত্রপ্রেমী মানুষ। বাবার আদর্শ অনুসরণ করে তিনিও চলচ্চিত্র ও সংগীতকে ভালোবাসেন। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। এ জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
পুনর্গঠিত বোর্ডে নতুন সদস্য হিসেবে আরও অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি ও চলচ্চিত্র গবেষক আবদুর রহমান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা এবং গীতিকার প্রিন্স মাহমুদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষমতাবলে সরকার এ বোর্ড পুনর্গঠন করেছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং ভাইস চেয়ারম্যান সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য-সচিব।
এছাড়া বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দেশের চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও সমন্বিত করার লক্ষ্যেই নতুন করে এ বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স