মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে জনতার ঢল

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৫ আগস্ট ২০২৬, ১০:৪৮ রাত
  • ৪৪৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট। বুধবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণ-তরুণী, নারী-শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স এ কনসার্টের আয়োজন করে। দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি হলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। সন্ধ্যার পর কনসার্টস্থলে মানুষের ঢল নামে। কেউ ছাতা নিয়ে, আবার কেউ বৃষ্টিতে ভিজেই প্রিয় শিল্পীদের গান উপভোগ করেন।

বিকেল ৩টা ৫৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্য-সচিব ঋআজ মোর্শেদ ও তাঁর দলের পরিবেশনায় কনসার্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে মঞ্চের সামনের অংশে আমন্ত্রিত অতিথি ও সংবাদকর্মীদের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়। ব্যারিকেডের বাইরে বিপুলসংখ্যক তরুণসহ বিভিন্ন বয়সী দর্শনার্থী অবস্থান নেন। পরিবার-পরিজন নিয়ে অনেকেই কনসার্ট উপভোগ করতে আসেন।

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করেন। অংশ নেয় শিরোনামহীন, আর্ক (হাসান), আর্টসেল, আর্বোভাইরাস ও এভয়েড রাফা। এছাড়া পারসা, সেজান, কুঁড়েঘর এবং আসিফ আকবরও গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি ছিলেন হুইপ নূর-ই-আলম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

আয়োজকদের ভাষ্য, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর চেতনাকে ধারণ করে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনার উন্মেষ ঘটেছিল, সংগীতের মাধ্যমে সেই চেতনাকেই উদযাপন করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad