জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বক্তব্য শুরুর সময় উপস্থিত দর্শকদের একাংশ ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। তবে এ ঘটনায় বিচলিত না হয়ে তিনি তা গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে উল্লেখ করেন।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্লোগানের জবাবে রাশেদ খাঁন বলেন, “আমার বক্তব্যের শুরুতেই আপনারা প্রতিক্রিয়া দেখিয়েছেন। এটাকে আমি স্বাগত জানাই। গণতান্ত্রিক বাংলাদেশে এই যে আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার স্বাধীনতা, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে জুলাইযোদ্ধা ও শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
এর আগে একই অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়। উপস্থিতদের একাংশ অভিযোগ করেন, প্রামাণ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হয়নি।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক