সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বিয়ের দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবক। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাকিব প্রামাণিক ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করেন রাকিব। একটি পোস্টে তিনি দাবি করেন, তিনি এক তরুণীকে ভালোবাসতেন এবং ওই তরুণীও তাকে ভালোবাসতেন। তবে পরিবারের সিদ্ধান্তে ওই তরুণীর বিয়ে অন্যত্র হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পোস্টে তিনি উল্লেখ করেন, প্রিয় মানুষটিকে না পেলে তিনি বেঁচে থাকতে পারবেন না। একই সঙ্গে নিজের মৃত্যুর জন্য তিনি ওই তরুণীর বাবা-মাকে দায়ী করে তাদের পরিচয়ও উল্লেখ করেন।
এর কয়েক ঘণ্টা পর দেওয়া আরেকটি পোস্টে রাকিব নিজের বাবা-মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি লেখেন, কাউকে কিছু না জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সবাই যেন তাকে ক্ষমা করে দেন এবং তার জন্য দোয়া করেন—এমন অনুরোধও জানান। পোস্টের শেষাংশে তিনি সবার কাছ থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

প্রথম দর্পণ,ডেস্ক