পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদে দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক এসএস সোহেল আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাবেক অধ্যক্ষ হালিম মজহার নূর, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম এবং ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে হাফিজ উদ্দিন বাহারকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মাওলানা মজিবর রহমান, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন— খানমরিচ ইউনিয়নে মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া ইউনিয়নে আজিজুর রহমান শফি, পারভাঙ্গুড়া ইউনিয়নে রেজাউল করিম, মণ্ডতোষ ইউনিয়নে মাওলানা জহুরুল ইসলাম, দিলপাশার ইউনিয়নে ফজলুর রহমান মাস্টার এবং অষ্টমনিষা ইউনিয়নে মাওলানা আব্দুল লতিফ।
উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মজিবর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণার আগে উপজেলা কর্মপরিষদের সদস্যদের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। আর মেয়র প্রার্থী নির্বাচন করা হয় পৌরসভার দলীয় নেতাদের গোপন ভোটের মাধ্যমে।

প্রথম দর্পণ,ডেস্ক