সরকারি খালের মাটি বিক্রি ও সড়ক নির্মাণের দাবিতে উল্লাপাড়ায় গ্রামবাসীর বিক্ষোভ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ আগস্ট ২০২৬, ০৬:১১ বিকাল
  • ৮৪৬৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি উদ্যোগে পুনঃখননকৃত খালের পাড়ের মাটি কেটে অবৈধভাবে বিক্রির প্রতিবাদ এবং খালের উত্তর পাড়ে এক কিলোমিটার পাকা সড়ক নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

৯নং হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর, কাশিনাথপুর, পাটধারি ও হঠাৎপাড়া গ্রামের সর্বস্তরের জনগণ এই বিক্ষোভে অংশ নেন।

​বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি বাংলাদেশ সরকারের উদ্যোগে ১নং ওয়ার্ড পাটধারি থেকে ৫নং ওয়ার্ড কাশিনাথপুর চড়িয়া শিকার আকন্দপাড়া পর্যন্ত খাল পুনঃখনন করা হয়।

কিন্তু স্থানীয় এক সাংবাদিক নিজেকে বিভাগীয় কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত দাবি করে প্রকাশ্যে খালের উত্তর পাড়ের মাটি কেটে বিক্রি করছেন। মাটি কাটার ফলে সরকারি খালের পাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কাটা মাটি খালের ভেতর পড়ে খালটি পুনরায় ভরাট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্প ও খালের স্থায়িত্ব মারাত্মক হুমকির মুখে পড়েছে।

​বিক্ষোভ শেষে এলাকাবাসী সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর পৃথক দুটি লিখিত আবেদন জমা দেন। সহকারী কমিশনার (ভূমি) বরাবর দেওয়া অভিযোগে খালের মাটি কাটা অবিলম্বে বন্ধ, ঘটনার সরেজমিন তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

​অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর দেওয়া অপর আবেদনে গ্রামবাসী জানান, নয়াপাড়া রশিদপুর থেকে কাশিনাথপুর পর্যন্ত খননকৃত খালের উত্তর পাড় দিয়ে একটি এক কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হলে এলাকার শিক্ষক-শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণের যাতায়াত এবং উৎপাদিত ফসল পরিবহনে চরম সুবিধা হবে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত নির্মাণের জন্য তারা প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয়টিকে অত্যন্ত জরুরি উল্লেখ করে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও জামায়াতে ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখা থেকে সড়ক নির্মাণের বিষয়ে জোর সুপারিশ করা হয়েছে।

​গ্রামবাসী আরো বলেন, দ্রুত অবৈধ মাটি বিক্রি বন্ধ এবং সড়ক নির্মাণের পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad