বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতির শূন্য পদ পূরণে সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। একই ব্যক্তি সর্বোচ্চ দুইবার রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকতে পারেন।
রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়া, পদত্যাগ, অভিশংসন অথবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করে। এছাড়া শারীরিক বা মানসিক অক্ষমতা কিংবা গুরুতর অসদাচরণের কারণেও রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে।
বর্তমান সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে নয়; জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে।
বাংলাদেশে একসময় রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা চালু থাকায় জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান ছিল। তবে ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সেই ব্যবস্থা বাতিল করা হয়। এরপর থেকে সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছেন।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), যিনি নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে পদ শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়।
রাষ্ট্রপতি পদে যদি একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন, তবে ভোটগ্রহণের প্রয়োজন হয় না; তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
তফসিল ঘোষণার পর সাধারণত সংসদ অধিবেশন চলাকালীন সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে প্রয়োজনীয় সময়ে সংসদ অধিবেশন না থাকলে নির্বাচন কমিশন স্পিকারের সঙ্গে পরামর্শ করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ভোটের অন্তত সাত দিন আগে সংসদ অধিবেশন আহ্বান করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

প্রথম দর্পণ,ডেস্ক