জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘ফ্যাসিবাদ’ ফেরার আশঙ্কা: মামুনুল হক

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৬, ১০:৩৮ রাত
  • ৫৬৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থানের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়নের প্রশ্নে পিছিয়ে গেলেও জনগণের রায়ের বাস্তবায়নে তার দল আন্দোলন চালিয়ে যাবে।

শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিসের পল্টন জোন আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এ সমাবেশের আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও কারাবরণের ধারাবাহিকতার মধ্য দিয়ে ‘জুলাই অভ্যুত্থান’-এর ভিত্তি তৈরি হয়েছে। তিনি দাবি করেন, ২০১৩ সালের শাপলা চত্বর, ২০২১ সালের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ার আন্দোলনসহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে সেই প্রক্রিয়া এগিয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং এই ঐক্যের ফলেই পরিবর্তনের পথ তৈরি হয়েছে।

জুলাই সনদ প্রসঙ্গে খেলাফত মজলিসের আমির অভিযোগ করেন, সনদে স্বাক্ষরের আগে রাজনৈতিক দলগুলোর অগোচরে একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। তার দাবি, ওই ধারায় নির্বাচনের পর ক্ষমতায় আসা দলকে নিজস্ব অবস্থান অনুযায়ী সনদ বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়েছে, যা নিয়ে সংশ্লিষ্ট অনেক দল অবগত ছিল না।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে সংবিধান সংস্কার, গণভোট এবং জনগণের রায়ের আলোকে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের একটি রূপরেখা নির্ধারিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই ঐকমত্য থেকে সরে আসার প্রবণতা দেখা গেছে বলে তিনি অভিযোগ করেন।

মামুনুল হক আরও বলেন, সংবিধান সংস্কার ও রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে যে সমঝোতা হয়েছিল, তা বাস্তবায়নে আন্তরিকতার ঘাটতি রয়েছে। তিনি এ বিষয়ে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সালেহ উদ্দীন কাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম, যুব মজলিসের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এবং ছাত্র মজলিসের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad