বাবার মৃত্যুর পরই উচ্ছেদ’—সাবেক নৌ কর্মকর্তা তন্নীর বিরুদ্ধে সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, ০২:১১ দুপুর
  • ১৬৭১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নৌবাহিনীর সাবেক চাকরিচ্যুত কর্মকর্তা ফারজানা তন্নীর বিরুদ্ধে সৎ বোন ও মাকে বসতভিটা থেকে উচ্ছেদ, স্বর্ণালঙ্কার ও জমির দলিল ছিনিয়ে নেওয়া এবং সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২১ জুন) সকালে বাগেরহাট ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তার সৎ বোন ফারহানা তাবাসসুম।

লিখিত বক্তব্যে রামপাল উপজেলার বড় সন্ন্যাসী গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আইনজীবী আবুল হোসেনের কন্যা ফারহানা তাবাসসুম দাবি করেন, গত বছরের ২৩ নভেম্বর তার পিতার মৃত্যুর পরদিনই ফারজানা তন্নী বহিরাগত লোকজন নিয়ে তাদের বাড়িতে গিয়ে তাকে ও তার মাকে জোরপূর্বক বের করে দেন। একই সঙ্গে ঘরে তালা লাগিয়ে স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং জমির দলিল নিজেদের দখলে নেন বলে অভিযোগ করেন তিনি।

ফারহানার দাবি, খুলনা শহরের হাজী মহসিন রোড এলাকায় তিন শতক জমির ওপর নির্মিত একটি তিনতলা বাড়িসহ কয়েক কোটি টাকার সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওই সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে দলিলপত্র দখল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ জানুয়ারি ফারজানা তন্নীর নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এতে ফারহানার মা আহত হন। পরে থানার সামনেও পুনরায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করে তারা আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর সিআর-১৯৯/২৫ বলে জানানো হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চলতি বছরের ১৬ ও ১৭ জুন একই বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও উচ্ছেদের চেষ্টাও চালানো হয়। তবে স্থানীয় বাসিন্দারা তা প্রতিহত করেন বলে তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে ফারহানা তাবাসসুম বলেন, “আমরা বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছি। পারিবারিক বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”

তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, নিজেদের ন্যায্য সম্পত্তির অধিকার নিশ্চিতকরণ এবং নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

তবে এ বিষয়ে অভিযুক্ত ফারজানা তন্নীর বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad