কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতে ফ্যাসিবাদী শাসনকে সমর্থন ও বৈধতা দিতে ভূমিকা রাখা গণমাধ্যমগুলোর বিষয়ে জবাবদিহি এবং সুবিচার নিশ্চিত করা প্রয়োজন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বসুন্ধরা গ্রুপের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা দেশে ফিরতে পারেননি। তবে বর্তমান নির্বাচিত সরকারের আমলে তাদের পরিবারের সদস্যরা প্রকাশ্যে দেশে ফিরছেন। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল। সেই মামলাগুলোর বর্তমান অগ্রগতি সম্পর্কে জনগণকে জানানো প্রয়োজন। কোনো ধরনের গোপন সমঝোতা হয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
সংসদ সদস্য দাবি করেন, বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার, সম্পদ দখল এবং গণমাধ্যমের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত ও আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
বিএনপির অবস্থান প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তদের বিষয়ে কঠোর অবস্থান দেখতে চান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশোধের রাজনীতি অনুসরণ করছেন না বলে মন্তব্য করে তিনি বলেন, প্রতিহিংসা না দেখানো এবং ন্যায়বিচার নিশ্চিত করা—দুটি ভিন্ন বিষয়।
তিনি আরও বলেন, “যেসব গণমাধ্যম ফ্যাসিবাদী শাসনের পক্ষে জনমত তৈরি করেছে, তাদের বিরুদ্ধেও আইনসম্মত ও ন্যায়ভিত্তিক বিচার হওয়া উচিত। আমরা প্রতিশোধ নয়, সুবিচার চাই।”
তার বক্তব্যের মাধ্যমে অতীতের রাজনৈতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগের বিষয়ে স্বচ্ছ তদন্ত এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার