জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে দুই ছাত্রীর গোপনে ছবি তোলার অভিযোগে আটক এক যুবদল নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় ঘটে।
অভিযুক্ত দেবাশীষ চৌধুরী (৪৫) ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা এলাকার বাসিন্দা। তিনি ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দেবাশীষ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী ও জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে ক্যাম্পাসে এসেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে দেওয়া লিখিত মুচলেকায় দেবাশীষ চৌধুরী স্বীকার করেন যে, বটতলা এলাকায় অবস্থানকালে তিনি কয়েকজন ছাত্রীর অনুমতি ছাড়া গোপনে ছবি তুলেছিলেন। তিনি নিজের কর্মকাণ্ডকে ভুল বলে স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে কারও অনুমতি ছাড়া এ ধরনের ছবি আর তুলবেন না বলে অঙ্গীকার করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দেবাশীষ চৌধুরী ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে দুটি বিয়ারের ক্যানও উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।
মুচলেকা গ্রহণের সময় ছাত্রদল নেতা সেলিম রেজা উপস্থিত থাকলেও এ বিষয়ে সাংবাদিকদের কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে নিরাপত্তা কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। তিনি শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে তিনি কিংবা তাঁর ব্যবহৃত কোনো গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করবে না বলে অঙ্গীকার করেছেন। এসব শর্তে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক