সাঈদীর সাক্ষী অপহরণ মামলায় সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ জুলাই ২০২৬, ০৩:০৫ দুপুর
  • ১৮৭৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে অপহরণের শিকার হওয়া সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঢাকায় অভিযান চালিয়ে ফজলুর রহমানকে গ্রেপ্তার করে। নিরাপত্তাজনিত কারণে গ্রেপ্তারের সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি।

প্রসিকিউটর জানান, ২০১২ সালে সুখরঞ্জন বালী অপহরণের সময় ফজলুর রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তদন্তে ওই ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে।

পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালী ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে আদালত প্রাঙ্গণ থেকে নিখোঁজ হন। পরে অভিযোগ ওঠে, তাকে অপহরণ করে সীমান্ত পেরিয়ে ভারতে পাঠানো হয়। সেখানে তিনি প্রায় পাঁচ বছর কারাবন্দি ছিলেন।

দেশে ফিরে সুখরঞ্জন বালী তার অপহরণের বিচার দাবি করেন। ২০২৫ সালের ২২ আগস্ট তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ মোট ৩২ জনকে আসামি করা হয়।

ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার তদন্ত ও অভিযানের ধারাবাহিকতায় সাবেক ডিবি কর্মকর্তা ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad