রাষ্ট্র সংলাপ ফোরামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোমিন মেহেদী, মারিয়া কিসপট্টা এবং অভিনেত্রী শামীমা তুষ্টিসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠন লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জিডির অভিযোগে বলা হয়েছে, গত ৩ জুলাই বিকেলে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সংগঠনের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন বক্তব্য ও ভিডিও দেখতে পান। পরে বিষয়টি নিয়ে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।
অভিযোগে দাবি করা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের টকশোতে জুলাই আন্দোলন, আন্দোলনের অংশগ্রহণকারী, শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর এবং কটূক্তিমূলক মন্তব্য করেছেন। এসব বক্তব্যের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ভাবমূর্তি ক্ষুণ্ন, অপপ্রচার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেন দায়ের করা লিখিত অভিযোগে ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
এদিকে, শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রথম দর্পণ,ডেস্ক