'যাচাইহীন মাদরাসাবিরোধী প্রচারণা বন্ধ হোক'—দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান, বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৫ জুলাই ২০২৬, ১০:০১ রাত
  • ২২৮৭১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের বেসরকারি ও কওমি মাদরাসাগুলোর বিরুদ্ধে যাচাইবিহীন, অসম্পূর্ণ ও একপাক্ষিক সংবাদ প্রকাশের প্রবণতা বন্ধ করে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ। সংগঠনটির দাবি, কোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সত্যতা যাচাইয়ের আগেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অপরাধী হিসেবে উপস্থাপন করা ন্যায়বিচার, গণমাধ্যমের নৈতিকতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

তিনি বলেন, কওমি মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের সাফল্য দেশের জন্য গৌরব বয়ে এনেছে। তবে সাম্প্রতিক সময়ে কিছু মাদরাসা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অসম্পূর্ণ ও একপাক্ষিক সংবাদ প্রকাশের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। নিরপেক্ষ তদন্ত ছাড়াই অভিযোগ প্রচারের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হচ্ছে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রতি পাঁচ দফা আহ্বান জানানো হয়। এগুলো হলো—সংবাদ প্রকাশের আগে অভিযোগের সত্যতা ও তথ্য-প্রমাণ যাচাই করা, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ করা, একপাক্ষিক প্রচারণা থেকে বিরত থাকা, তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে তা সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করা এবং সর্বক্ষেত্রে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা নিশ্চিত করা।

মাদরাসাগুলোতে নিরাপদ ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সিসিটিভি ক্যামেরা স্থাপন, শিক্ষক-কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা, শিশু সুরক্ষা ও নৈতিকতা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা চালু করা।

এ সময় জানানো হয়, দেশের মাদরাসাগুলোর মর্যাদা, অধিকার ও স্বার্থ রক্ষার লক্ষ্যে শীর্ষস্থানীয় আলেম ও মাদরাসা পরিচালকদের সমন্বয়ে বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের উদ্যোগে আগামী ৩০ জুলাই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আলেম-উলামা, শিক্ষাবিদ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং হয়রানির শিকার ব্যক্তিরা অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শায়েখ ক্বারী আবদুল হক, মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল শায়েখ ক্বারী নেসার আহমদ আন-নাসেরীসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় মাদরাসার প্রিন্সিপাল, মুহতামিম ও আলেম-উলামারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের শেষে দেশবাসীর প্রতি যেকোনো অভিযোগের বিষয়ে আবেগপ্রবণ না হয়ে তথ্য-প্রমাণ যাচাই করে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যমকর্মী, অভিভাবক ও সচেতন নাগরিকদের আগামী ৩০ জুলাইয়ের জাতীয় সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad