রাজধানীর গুলশান-২ এলাকার ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুস সালাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম।
এর আগে সকালে কারাগারে থাকা সালাম মুর্শেদীসহ আটক আসামিদের আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অন্য আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন। শুনানিতে আসামিপক্ষে আইনজীবী এহসানুল হক সমাজী, মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দীন, শাহীনুর ইসলাম ও খাদেমুল ইসলাম অংশ নেন। শুনানি শেষে আদালত চার্জ গঠনের আদেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন— রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম. আজিজুল হক, সাবেক সদস্য (এস্টেট) লে. কর্নেল (অব.) এম. নুরুল হক, সাবেক পরিচালক আবদুর রহমান ভূঁঞা, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হক এবং কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি)-২৭ নম্বর, হোল্ডিং নম্বর-২৯, রোড নম্বর-১০৪-এর ২৭ কাঠা সরকারি সম্পত্তি অবমুক্ত না করেই জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করেন। পরে হস্তান্তরের অনুমতি ও নামজারি অনুমোদনের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ সৃষ্টি করা হয়।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, এ মামলায় আব্দুস সালাম মুর্শেদীকে ২০২৪ সালের ১ অক্টোবর গ্রেপ্তার করা হয়।

প্রথম দর্পণ,ডেস্ক