প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখা তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মজিবুর রহমান মঞ্জু বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার একজন সত্যিকারের পথপ্রদর্শক। ভাষা, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তায় তিনি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যার ভিত্তি ছিল জাতীয় স্বাতন্ত্র্য, মানবিক মূল্যবোধ এবং লাল-সবুজের চেতনা।
তিনি বলেন, দেশের প্রতিটি সংকটময় সময়ে জাতি এমন একজন বিবেকবান মানুষের প্রত্যাশা করেছে, যিনি পক্ষপাত বা চরমপন্থার ঊর্ধ্বে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেবেন। অধ্যাপক ফজলুল হক ছিলেন সেই বিরল ব্যক্তিত্ব, যিনি ন্যায়-নীতি ও আদর্শের প্রশ্নে ছিলেন আপসহীন এবং জাতীয় স্বার্থে ছিলেন প্রজ্ঞাবান, নিরপেক্ষ ও দায়িত্বশীল।
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, অধ্যাপক ফজলুল হকের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর চিন্তা, দর্শন ও আদর্শ আগামী প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।
এ সময় এবি পার্টির মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু এবং রমনা থানা আহ্বায়ক আব্দুর কাদের মুন্সিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক