বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাবেক আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে নেওয়া অধিকাংশ প্রকল্প জনকল্যাণের জন্য নয়, বরং দলীয় ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে বাস্তবায়ন করা হয়েছিল। এর ফলে দেশের বিদ্যুৎ, জ্বালানি ও সামগ্রিক অর্থনৈতিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সংকট মোকাবিলার দায় বর্তমান গণতান্ত্রিক সরকারের ওপর এসে পড়েছে।
সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘জাতীয় জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত গভীর সংকটে পড়েছে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে টেকসই, স্বচ্ছ ও জনমুখী জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম. শামসুল আলম। তাঁর প্রবন্ধে সাবেক সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং জনগণকেন্দ্রিক নীতি গ্রহণের সুপারিশ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্বচ্ছতা ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

প্রথম দর্পণ,ডেস্ক