ইরানের পরমাণু প্রধানকে ভিয়েনায় প্রবেশে বাধা, অস্ট্রিয়ার কাছে তেহরানের প্রতিবাদ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ দুপুর
  • ৩০০১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে ভিয়েনার উদ্দেশে রওনা হয়েও প্রবেশের অনুমতি না পেয়ে তেহরানে ফিরে যেতে হয়েছে ইরানের পরমাণু প্রধান মোহাম্মদ ইসলামি ও তার প্রতিনিধিদলকে। এ ঘটনায় অস্ট্রিয়ার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরান।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু ১৫ সেপ্টেম্বর জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রিয়ার কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ইসলামিকে ভিয়েনায় প্রবেশের প্রয়োজনীয় অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা এ তথ্য প্রকাশ করেছে।

ইসলামি ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং পরমাণু শক্তি সংস্থার প্রধান। তিনি ও তার প্রতিনিধিদল শনিবার নিয়মিত একটি ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে রওনা হন। কিন্তু প্রয়োজনীয় প্রবেশ অনুমতি না থাকায় ইস্তাম্বুল বিমানবন্দরে তাদের আটকে দেওয়া হয়। পরে একই দিন তারা তেহরানে ফিরে যান।

ইসনার তথ্যমতে, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের আরেকটি দেশের ‘বাধার’ কারণে ইসলামির ভিয়েনায় প্রবেশের অনুমতি আটকে দেওয়া হয়েছিল। তবে ওই আঞ্চলিক দেশটির নাম প্রকাশ করা হয়নি।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তির আওতায় জাতিসঙ্ঘের ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা ব্যবস্থা পুনরায় কার্যকর হওয়ার সঙ্গে ইসলামিকে ভিয়েনায় প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইরানের পরমাণু শক্তি সংস্থার দুই উপপ্রধান বেহরুজ কামালভান্দি ও মোহাম্মদ রেজা কারদানি জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞার তালিকায় না থাকায় তারা ভিয়েনায় যেতে পেরেছেন।

এর আগে কয়েক বছর ধরে ইরানের জ্যেষ্ঠ রাজনৈতিক ও পরমাণু কর্মকর্তারা আইএইএর সদর দফতরে বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার অনুমতি পেয়ে আসছিলেন। গত বছরও আইএইএর বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছিলেন ইসলামি।

এবার তার অনুপস্থিতির কারণে সম্মেলনে ইরানের বক্তব্য দেওয়ার সময়সূচি পিছিয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু, ইসনা (১৫ সেপ্টেম্বর ২০২৬)।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad