রাজধানীতে তুচ্ছ বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৬ রাত
  • ১৩৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শান্তিবাগের বাসায় টেলিভিশন দেখার সময় দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা, আটক ১৭ বছরের ছোট ভাই

রাজধানীর শাজাহানপুরের শান্তিবাগে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম সাইফ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজেদের বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই সায়েম ইসলামকে (১৭) আটক করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় দুই ভাই বাসায় বসে টেলিভিশন দেখছিলেন। একপর্যায়ে ছোট ভাই সায়েম বড় ভাই সাইফুলের ওপর পা তুলে দিলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। তর্কবিতর্কের একপর্যায়ে সায়েম রান্নাঘর থেকে ছুরি এনে সাইফুলের বুক ও গলায় আঘাত করেন।

পরে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে রাত পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সায়েম ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছে। ঘটনার সময় বাসায় তাঁদের বাবা-মা ছিলেন না। দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সে ছুরি দিয়ে বড় ভাইকে আঘাত করে। এ ঘটনায় সায়েমকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতের মামা মো. রনি জানান, সন্ধ্যায় দুই ভাই নিজেদের কক্ষে তর্কবিতর্ক করছিলেন। ওই সময় তাঁদের বাবা ছাদে ছিলেন। পরে কক্ষে গিয়ে সাইফুলকে বুকের বাঁ পাশে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে দুই ভাইয়ের মধ্যে ঠিক কী বিষয় নিয়ে বিরোধের সূত্রপাত হয়েছিল, তা তিনি জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত সাইফুল শান্তিবাগ এলাকার বাসিন্দা এবং পাইলট কোর্স করছিলেন। তাঁর বাবার নাম সিরাজুল ইসলাম।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad