পরিবেশ রক্ষায় কোরআনের নির্দেশনা অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর, উদ্ধৃত করলেন সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ জুলাই ২০২৬, ০২:০৩ দুপুর
  • ২০৫৪২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় পবিত্র কোরআনের শিক্ষা অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আল্লাহ তাআলার সৃষ্টির যথাযথ যত্ন ও পরিচর্যা করা মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।

বৃহস্পতিবার রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বক্তব্যে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের অংশ উদ্ধৃত করে বলেন, “তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সবই তোমাদের জন্য সৃষ্টি করেছেন।”

আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, নদী-নালা, গাছপালা, জীবজন্তু, কীটপতঙ্গসহ প্রকৃতির প্রতিটি উপাদান আল্লাহর সৃষ্টি এবং মানবকল্যাণের জন্য নির্ধারিত। তাই এসব সম্পদ থেকে উপকার পেতে হলে মানুষকে সেগুলোর সংরক্ষণ, পরিচর্যা ও সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে পরিবেশ ও মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য। একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ ছাড়া মানুষের নিরাপদ ও টেকসই জীবন নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad