টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির রাজস্থলী উপজেলায় একটি পোল্ট্রি খামার তলিয়ে গিয়ে প্রায় ১ হাজার ৫০০ মুরগি মারা গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে স্বপ্নভঙ্গ হয়েছে তরুণ উদ্যোক্তা মো. সাদেকের।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়ায় অবস্থিত সাদেক পোল্ট্রি ফার্মে আকস্মিক পাহাড়ি ঢল প্রবেশ করলে পুরো খামার পানিতে তলিয়ে যায়। রাতারাতি মারা যায় খামারে থাকা সব মুরগি।
খামারের মালিক মো. সাদেক জানান, গভীর রাতে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা প্রবল স্রোতের পানি হঠাৎ খামারে ঢুকে পড়ে। খবর পেয়ে তিনি কর্মচারীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও কোনো মুরগি রক্ষা করা সম্ভব হয়নি।
তিনি বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর করার আশায় পোল্ট্রি খামারটি গড়ে তুলেছিলেন। কিন্তু এক রাতের পাহাড়ি ঢলে তার সব স্বপ্ন ভেঙে গেছে। বর্তমানে একদিকে বসতঘরে পানি, অন্যদিকে খামারের সম্পূর্ণ ক্ষতিতে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। ক্ষতি কাটিয়ে উঠতে তিনি প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
ঘটনার খবর পেয়ে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. এস. আরেফিন ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শন করেন। এ সময় তিনি উদ্যোক্তা সাদেককে ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনের সময় স্থানীয় ইউপি সদস্য শিমুল দাস উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাজস্থলীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন তারা।

প্রথম দর্পণ,ডেস্ক