আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত সব অপরাধের বিচার আইনের আওতায় সম্পন্ন হবে। তিনি দাবি করেন, গত ১৫ বছরে দলটি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে এবং রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দলটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, শাপলা চত্বরের ঘটনাসহ কয়েকটি আলোচিত মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক কার্যক্রমও এগিয়ে নেওয়া হবে।
এদিকে, শনিবার (৪ জুলাই) জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। তার ভাষ্য, দলটির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
চিফ প্রসিকিউটরের বক্তব্য এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সাম্প্রতিক মন্তব্যের পর আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত ও সম্ভাব্য বিচার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক