রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় ওপেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫) কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার সাকরাল গ্রামের মৃত শাহজাহান বেপারীর ছেলে। আহতরা হলেন যুবদলের আরেক কর্মী মনির হোসেন (৩২) এবং কাঁচামাল ব্যবসায়ী সালাম সরদার (৪৫)।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে ইউসুফ ও মনির একটি দোকানের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন যুবক সেখানে ঘোরাফেরা করছিলেন। তাদের কাছে ঘোরাফেরার কারণ জানতে চাইলে কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।
গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার পর কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফের বুকে, মনিরের বাঁ পায়ে এবং সালাম সরদারের মাথার ডান পাশে গুলি লেগেছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার জানান, হামলায় চারজন অংশ নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত চঞ্চল নামে এক ব্যক্তিকে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। পলাতক অন্য তিন হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার