জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানের বিরুদ্ধে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হামলা প্রতিহত করা সম্ভব হলেও এর উপযুক্ত জবাব দেওয়া হবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।
ট্রাম্পের দাবি, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির দিকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। ফলে হামলায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তবে হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “এবার আমাদের পালা।” তাঁর ভাষ্য, হামলা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র এর জবাব দেবে এবং তেহরানকে এর পরিণতি ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, মার্কিন বাহিনী হামলা প্রতিহত করতে সক্ষম হলেও ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। ওয়াশিংটন প্রয়োজন হলে পাল্টা সামরিক ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।
এর আগে জর্ডানে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এ ঘটনার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আল-জাজিরা

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক