অর্থের অভাবে সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না: আইসিটিমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, ১১:৫৭ রাত
  • ৪৬১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

অর্থের অভাবে দেশের কোনো সম্ভাবনাময় উদ্যোগ যেন থেমে না যায়, সে লক্ষ্যে স্টার্টআপ খাতে সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাতকেও বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেছেন, বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার কোনো অভাব নেই। সরকার এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ বন্ধ হয়ে যাবে না।

রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘ফান্ড অব ফান্ডস’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, দক্ষতা, সুশাসন ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘ফান্ড অব ফান্ডস’ পরিচালনা করা হবে। স্টার্টআপ বাংলাদেশ ইতোমধ্যে ৩৬টি প্রযুক্তিনির্ভর স্টার্টআপে প্রায় ১১১ কোটি টাকা বিনিয়োগ করেছে। তবে স্টার্টআপ খাতের বিকাশে শুধু সরকারি অর্থায়নের ওপর নির্ভর না করে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, উদ্যোগ শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ রাখলে চলবে না। বাস্তবে এর কার্যকর প্রয়োগ ও সুফল নিশ্চিত করতে হবে। ‘ফান্ড অব ফান্ডস’-এর মাধ্যমে দেশে আরও বেসরকারি ও আন্তর্জাতিক মূলধন আকৃষ্ট করার পাশাপাশি বাংলাদেশের স্টার্টআপগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ খাত বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বহুমুখী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, স্টার্টআপের জন্য শুধু অর্থায়নই যথেষ্ট নয়; প্রয়োজন মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন, বাজারের সঙ্গে সংযোগ এবং প্রযুক্তিগত সহায়তা। প্রস্তাবিত ‘ফান্ড অব ফান্ডস’-এর মাধ্যমে বিনিয়োগের পাশাপাশি এসব সহায়তাও নিশ্চিত করতে হবে।

রেহান আসিফ আসাদ আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগকারী দেশি-বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং আইনসম্মত মুনাফা ও মূলধন সহজে প্রত্যাবাসনের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশে একটি শক্তিশালী ও কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, বিনিয়োগকারী এবং স্টার্টআপ ইকোসিস্টেমের সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad