পুরোনো জি-মেইল ঠিকানা বদলের সুযোগ দিচ্ছে গুগল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৬, ১২:০৫ দুপুর
  • ৬৩৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শখ কিংবা মজার ছলে খোলা জি-মেইল ঠিকানা পরবর্তী সময়ে চাকরি, ব্যবসা কিংবা পেশাগত যোগাযোগের ক্ষেত্রে অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এতদিন এমন পরিস্থিতিতে নতুন অ্যাকাউন্ট খোলাই ছিল প্রধান সমাধান। তবে এবার পুরোনো অ্যাকাউন্ট ঠিক রেখেই জি-মেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে গুগল।

নতুন ‘চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ই-মেইল’ সুবিধার মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী পুরোনো জি-মেইল ঠিকানার পরিবর্তে নতুন ঠিকানা বেছে নিতে পারবেন। এজন্য নতুন করে গুগল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। পুরোনো অ্যাকাউন্টের তথ্য ও ডাটাও আগের মতোই সংরক্ষিত থাকবে।

যেভাবে পরিবর্তন করবেন

জি-মেইল অ্যাপ অথবা গুগল অ্যাকাউন্টের সেটিংস থেকে এই সুবিধা পাওয়া যেতে পারে। প্রথমে নিজের গুগল অ্যাকাউন্টের প্রোফাইলে প্রবেশ করে ‘প্রফেশনাল ইনফো’ বিভাগে যেতে হবে। এরপর ‘ই-মেইল’ অপশন নির্বাচন করলে, যেসব অ্যাকাউন্টে সুবিধাটি চালু হয়েছে সেখানে জি-মেইল ঠিকানা পরিবর্তনের অপশন দেখা যাবে।

সেখান থেকে নতুন জি-মেইল ইউজারনেম নির্বাচন করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে। তবে আগে অন্য কেউ ব্যবহার করেছে—এমন ঠিকানা বেছে নেওয়া যাবে না। গুগল ধাপে ধাপে সুবিধাটি চালু করছে। ফলে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে এখনই এই অপশন দেখা নাও যেতে পারে।

ঠিকানা পরিবর্তনে সীমাবদ্ধতা

নতুন সুবিধা ব্যবহারে কিছু সীমাবদ্ধতাও রেখেছে গুগল। সাধারণভাবে বছরে একবার জি-মেইল ঠিকানা পরিবর্তন করা যাবে। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনবার ইউজারনেম পরিবর্তনের সুযোগ থাকবে। তাই নতুন ঠিকানা নির্বাচনের আগে ভালোভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

পুরোনো ঠিকানার কী হবে?

ঠিকানা পরিবর্তনের পর পুরোনো জি-মেইল ঠিকানা পুরোপুরি হারিয়ে যাবে না। এটি অ্যাকাউন্টের সঙ্গে অ্যালিয়াস হিসেবে যুক্ত থাকবে। ফলে পুরোনো ঠিকানায় পাঠানো ই-মেইলও ব্যবহারকারী পাবেন। একই সঙ্গে নতুন ঠিকানা ব্যবহার করে ই-মেইল পাঠানো ও গ্রহণ করা যাবে।

এমনকি গুগল অ্যাকাউন্টে সাইন ইন করার ক্ষেত্রেও পুরোনো ও নতুন—দুই ঠিকানাই ব্যবহার করা যাবে। ফলে নতুন ঠিকানা নেওয়ার সময় পুরোনো অ্যাকাউন্ট, জি-মেইল বা সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য হারানোর আশঙ্কা থাকবে না।

পেশাগত যোগাযোগে কেন গুরুত্বপূর্ণ

অনেকেই কম বয়সে ডাকনাম, মজার শব্দ কিংবা পছন্দের কোনো চরিত্রের নামে জি-মেইল অ্যাকাউন্ট খুলে থাকেন। পরবর্তী সময়ে চাকরির আবেদন, অফিসের যোগাযোগ কিংবা ব্যবসায়িক কাজে সেই ঠিকানা ব্যবহার করলে তা সবসময় পেশাদার মনে নাও হতে পারে।

গুগলের নতুন সুবিধার ফলে এসব ব্যবহারকারী পুরোনো অ্যাকাউন্ট ও ডাটা অক্ষুণ্ন রেখেই তুলনামূলকভাবে পেশাদার একটি জি-মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন। এতে নতুন অ্যাকাউন্ট খোলা, পুরোনো তথ্য স্থানান্তর কিংবা গুরুত্বপূর্ণ ই-মেইল হারানোর মতো ঝামেলাও এড়ানো সম্ভব হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad