‘আমার এখনও বিয়ে হয়নি’, গোপনে বিয়ের খবরে পূজা চেরির ক্ষোভ

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, ০৯:৫৫ সকাল
  • ৭৬৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গোপনে বিয়ের খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এ ধরনের সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি এক ব্যবসায়ীর সঙ্গে গোপনে পূজা চেরির বিয়ে হয়েছে—এমন খবর ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গত সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী।

পূজা চেরি জানান, গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে নিয়ে একাধিক ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। বিয়ের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, এর আগে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই তা প্রকাশ্যে সবাইকে জানাবেন।

তিনি বলেন, বর্তমানে নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাকে ক্যামেরার সামনে কম দেখা যাচ্ছে।

ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পূজা বলেন, কোনো তথ্য যাচাই না করে বারবার তাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য তার বোধগম্য নয়। তিনি স্পষ্টভাবে জানান, তার এখনও বিয়ে হয়নি। বিয়ে হলে সবাইকে তিনি নিজেই বিষয়টি জানাবেন।

এদিকে, তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন পূজা। তিনি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের কথা উল্লেখ করে ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকারের বিষয়টি তুলে ধরেন।

পূজা আরও বলেন, ডিজিটাল মাধ্যমে কোনো ব্যক্তিকে নিয়ে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। গণমাধ্যমের সহযোগিতা ও দর্শকদের ভালোবাসাকে তিনি সবসময় সম্মান করেন। তবে তার নীরবতাকে ভিত্তিহীন সংবাদ প্রচারের সুযোগ হিসেবে ব্যবহার করা হলে নিজের আইনি অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলেও সতর্ক করেন তিনি।

সবশেষে পূজা চেরি আবারও পরিষ্কার করে জানান, এখনও তার বিয়ে হয়নি এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই প্রকাশ্যে তা জানাবেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad