অভিনয়ের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত তুলে ধরেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিঙ্ক বাস’ নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
পিঙ্ক বাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক আলোচনা ও বিদ্রূপের পরিপ্রেক্ষিতে সাদিয়া আয়মান বলেন, বাসের রং কিংবা সার্ভিস নিয়ে প্রশ্ন তোলার পরিবর্তে এই উদ্যোগের সঙ্গে যুক্ত পরিশ্রমী নারীদের উৎসাহিত করা উচিত।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়, বরং সমস্যা হলো আমরা বাঙালিরা এখনও সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’
পিঙ্ক বাসকে নিয়ে খোঁচা বা বিদ্রূপ না করে এর সঙ্গে যুক্ত নারীদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের উচিত এই কিউট, ‘পুকি’ গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।’
সাদিয়া আয়মানের মতে, নারীদের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে নেওয়া যেকোনো উদ্যোগকে সন্দেহ বা বিদ্রূপের দৃষ্টিতে না দেখে ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। একই সঙ্গে তিনি তাঁর ভক্ত ও অনুরাগীদেরও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানানোর আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে বিআরটিসি রাজধানীর ১৩টি রুটে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে। সাধারণ মানুষের কাছে এই বিশেষ বাস সার্ভিসটি ‘পিঙ্ক বাস’ নামে পরিচিতি পেয়েছে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স