জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সংসদে জনগণের দাবি উপেক্ষা করা হলে বিরোধী দল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরালো করতে বাধ্য হবে।
শুক্রবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোনের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের আমলের পুরোনো ধারায় এগোচ্ছে। তাঁর দাবি, নির্বাচন-পরবর্তী গত ছয় মাসে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে দলীয়করণ হয়েছে, তা অতীতের আওয়ামী লীগ সরকারের সময়কেও ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে সরকার ক্ষমতায় এলেও এখন ‘সবার আগে বিএনপি’ নীতিতে পরিচালিত হচ্ছে। রাষ্ট্রীয়, সাংবিধানিক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, জনগণের অধিকার আদায়ে তাঁর দল সংসদের ভেতরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গণভোটে জনগণের রায়কে সম্মান জানিয়ে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই এর সমাধান হবে। এ ক্ষেত্রে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় প্রয়োজনীয় কর্মসূচি পালন করবে।
১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান শফিকুল ইসলাম মাসুদ। একই সঙ্গে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অতীতের মতো আপসহীন ভূমিকা পালনের জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সবুজবাগ-মুগদা জোনের পরিচালক ড. মোবারক হোসাইন। সহকারী পরিচালক মনির বিন আনোয়ারের সঞ্চালনায় এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

প্রথম দর্পণ,ডেস্ক