পররাষ্ট্র উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৬, ১১:১৩ দুপুর
  • ৪৪০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিলেট-২ আসন ও জাতীয় রাজনীতিতে আলোচনায় থাকা হুমায়ুন কবির এবার সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর নতুন রাষ্ট্রপতি মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান। এ সময় হুমায়ুন কবিরসহ আরও পাঁচজন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন।

স্বাধীনতার পর সিলেট-২ আসন থেকে বিএনপির কোনো নেতা মন্ত্রিসভায় স্থান পাননি। হুমায়ুন কবিরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান হলো। এর আগে এ আসন থেকে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী মন্ত্রিত্ব লাভ করেন। এছাড়া ২০২৪ সালের বিতর্কিত ‘আমি-ডামি’ নির্বাচনের পর শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

হুমায়ুন কবিরের প্রতিমন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সিলেট-২ আসনের ওসমানীনগর ও বিশ্বনাথসহ বিভিন্ন এলাকায় তার অনুসারী ও সমর্থকেরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবসপুর গ্রামের সন্তান হুমায়ুন কবির শৈশবে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে তিনি সাসেক্স, লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই), কেমব্রিজ ও লিডস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

পেশাগত জীবনে যুক্তরাজ্যের কেবিনেট অফিসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ঋষি সুনাকের সময়েও তিনি কেবিনেট অফিসে দায়িত্ব পালন করেন। যুক্তরাজ্যে অবস্থানকালে আন্তর্জাতিক রাজনীতি, প্রশাসন ও নীতিনির্ধারণী বিষয়ে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পান।

বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মধ্য দিয়ে দলটির নীতিনির্ধারণী পর্যায়েও তার অবস্থান শক্তিশালী হয়। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের নভেম্বরে দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি।

সিলেট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় থাকলেও দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য রেখে সাংগঠনিক কর্মকাণ্ডে মনোনিবেশ করেন হুমায়ুন কবির। ২০২৫ সালের ২২ অক্টোবর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) পদে দায়িত্ব পান।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাকে ঘিরে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির আলোচনা শুরু হয়। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করেন তিনি।

সর্বশেষ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবনে যুক্ত হলো নতুন অধ্যায়। একই দিনে মন্ত্রী হিসেবে শপথ নেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সিলেট-২ আসন থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ পর্যায়ে উঠে এসে মন্ত্রিসভার সদস্য হওয়াকে হুমায়ুন কবিরের রাজনৈতিক ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন তার অনুসারীরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad