বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বের যেকোনো দেশ সফর করতে পারেন। প্রতিবেশী ভারত সফরেও কোনো অসুবিধা নেই। তবে এ সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে।
শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এ দেশের মানুষ এখন আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে বন্ধুত্বপূর্ণ, সমমর্যাদা ও সমতার ভিত্তিতে।’
জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেন। এসব অনিয়ম বন্ধ হবে কি না, সেটিই এখন বড় বিষয়।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত। মানুষের এই আস্থা অর্জনে সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়িয়ে ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, কোনোভাবেই যেন কারও ভোট ছিনিয়ে নেওয়া সম্ভব না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
এ ছাড়া বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম ও রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক।
সম্মেলনে রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদৎ হোসাইনসহ মহানগরীর শূরা সদস্য ও বিভিন্ন থানার নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে মহানগরীর সহস্রাধিক নারী-পুরুষ রোকন অংশ নেন।
এর আগে ডা. শফিকুর রহমান একই স্থানে বিকেলে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার