শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের তীব্র আপত্তি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৬, ০৯:৩২ রাত
  • ৭২৬৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাঁর নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁর নিয়োগের বিষয়ে দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।

হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের দাবি, গত বৃহস্পতিবার ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। সংগঠনটির ভাষ্য, এই নিয়োগ আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে শামীম কায়সার লিংকনের মতাদর্শ নিয়েও আপত্তি জানায় হেফাজতে ইসলাম। সংগঠনটির দাবি, তিনি দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী।

হেফাজতের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়া উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, এমন একজন ব্যক্তিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে। একই সঙ্গে এ সিদ্ধান্ত আলেম সমাজের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি করতে পারে বলেও দাবি করা হয়।

সরকারকে সতর্ক করে হেফাজতে ইসলাম বলেছে, দেশের কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার অবদান ও পরামর্শ উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও পারস্পরিক আস্থায় চিড় ধরতে পারে।

এ পরিস্থিতিতে শামীম কায়সার লিংকনের নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে আলেম-উলামাদের সঙ্গে পরামর্শ করে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad