বিশ্বকাপ জয়ের পর স্পেনের জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের ওপর আস্থা আরও বেড়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ)। ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকা ৬৫ বছর বয়সী এই কোচকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখতে চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে ফেডারেশন।
আরএফইএফ সভাপতি রাফায়েল লুজান জানিয়েছেন, দে লা ফুয়েন্তের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত হলেও সেটি আরও বাড়ানোর বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
লুজান বলেন, ‘আমার মনে হয় লুইস এটা পাওয়ার যোগ্য এবং আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত আছে। তবে আমরা এখন থেকেই চেষ্টা করছি, যেন সেটি ২০৩০ সাল বা তার কাছাকাছি সময় পর্যন্ত বাড়ানো যায়। ২০৩০ সালের বিশ্বমঞ্চে তার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
দে লা ফুয়েন্তের অধীনে স্পেনের সাম্প্রতিক সাফল্যেরও প্রশংসা করেন আরএফইএফ সভাপতি। তাঁর মতে, কোচের বিনয়ী আচরণ, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমই দলকে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছে।
এদিকে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে স্পেনের সামনে রয়েছে বিশেষ সুযোগ। পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে দেশটি। নিজেদের মাটিতে টুর্নামেন্টের ফাইনাল আয়োজনের জন্যও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে স্পেন।
বিশ্বকাপ জয়ের পর এখন নতুন মৌসুমের চ্যালেঞ্জ সামনে দে লা ফুয়েন্তের। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই তাঁর প্রধান লক্ষ্য। আগামী মাসে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে স্পেন।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স