বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ফর্মহীন ওপেনার ওয়েদারাল্ডকে বাদ দিয়ে তার জায়গায় দলে ফিরিয়েছেন ম্যাট রেনসকে। ম্যাকেতে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের অস্ট্রেলিয়া দলে এটিই একমাত্র পরিবর্তন।
তবে ব্যাট হাতে ব্যর্থতার মধ্যেও তিন নম্বরে থাকা মার্নাস লাবুসানেকে আরও একটি সুযোগ দিয়েছে অস্ট্রেলিয়া।
গত অ্যাশেজ সিরিজের শুরু থেকে টানা ছয়টি টেস্ট খেলেছেন ওয়েদারাল্ড। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি এই বাঁহাতি ওপেনার। ছয় টেস্টে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি অর্ধশতক। এই সময়ে তার ব্যাটিং গড় ২০.৩৬।
বাংলাদেশের বিপক্ষে ডারউইনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ৯ উইকেটের পরাজয়ের ম্যাচেও ব্যর্থ ছিলেন ওয়েদারাল্ড। দুই ইনিংসে তিনি করেন যথাক্রমে ২৩ ও ৩ রান।
অ্যাশেজে ট্রাভিস হেডের সঙ্গে ভালো ওপেনিং জুটি গড়লেও পরবর্তী সিরিজগুলোতে ইনিংস বড় করতে ব্যর্থ হন ওয়েদারাল্ড। শেষ পর্যন্ত তার ওপর থেকে আস্থা হারান অস্ট্রেলিয়ার নির্বাচকেরা।
ওয়েদারাল্ডের জায়গায় দলে ফিরেছেন ৩০ বছর বয়সী ম্যাট রেনস। এক দশক আগে টেস্ট অভিষেক হওয়া রেনস সময়ের সঙ্গে তিন সংস্করণেই কার্যকর ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সর্বশেষ ২০২৩ সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি।
এদিকে ওয়ান ডাউনে ব্যাট করা মার্নাস লাবুসানের ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। ডারউইন টেস্টে রান না পেলেও আপাতত তাকে আরও একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, লাবুসানেকে দ্রুত বড় রানে ফিরতে হবে।
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে ম্যাকেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে তাই নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামতে পারে স্বাগতিকরা।

প্রথম দর্পণ,ডেস্ক