চমক দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের: থমাস ডুলি

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৬, ১১:১৮ রাত
  • ৩৯৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

Lবাংলাদেশ ফুটবল দল এখন আর আগের অবস্থায় নেই। সময়ের সঙ্গে দলটির খেলায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও চোখে চোখ রেখে লড়াই করার সামর্থ্য অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সর্বশেষ এশিয়ান কাপ বাছাইপর্বেও তার প্রমাণ দিয়েছে হামজা-শমিতরা। বর্তমান বাংলাদেশ দল যেকোনো প্রতিপক্ষকে চমকে দিতে পারে বলে মনে করেন জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি।

শনিবার (১৫ আগস্ট) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ডুলি বলেন, সাফ চ্যাম্পিয়নশিপের আগে আসিয়ান কাপে অংশ নিতে পারলে তা বাংলাদেশের জন্য ভালো প্রস্তুতি হবে। তবে আসিয়ান কাপে বাংলাদেশকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। সেখানে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে।

ডুলি বলেন, আসিয়ান কাপে বাংলাদেশ নিশ্চিতভাবেই আন্ডারডগ হিসেবে খেলবে। তবে এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। কারণ আন্ডারডগ হিসেবে খেললে নিজেদের সেরা প্রমাণ করার চাপটা থাকবে প্রতিপক্ষের ওপর। বাংলাদেশের লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়াই করা।

তিনি বলেন, খেলোয়াড়রা শারীরিকভাবে শতভাগ ফিট থাকলে যেকোনো প্রতিপক্ষকেই চমকে দেওয়া সম্ভব।

আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি। তবে খেলতে পারলে টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ডুলির মতে, ঘরের মাঠে নিয়মিত ম্যাচ খেলার তুলনায় আসিয়ান কাপে জয় পাওয়া কঠিন হবে। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন ম্যাচ খেলাই বড় পরীক্ষার জন্য আত্মবিশ্বাস তৈরি করতে সহায়তা করবে।

বাংলাদেশ দলের প্রধান কোচের মতে, দলের সামনে সবচেয়ে বড় বাধা ফিটনেস। আন্তর্জাতিক ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে প্রায় চার সপ্তাহের প্রাক-মৌসুম ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ৫-৬টি প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন রয়েছে। কিন্তু পেশাদার ফুটবলের বাস্তবতায় বাংলাদেশ সেই সুযোগ সবসময় পাচ্ছে না। বিদ্যমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই দলকে এগিয়ে যেতে হচ্ছে।

এদিকে দীর্ঘ ২৩ বছর ধরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই আক্ষেপ ঘোচাতে চায় দলটি। তবে সাফের শিরোপা জয় সহজ হবে না বলেই মনে করেন ডুলি। তার মতে, এমন একটি প্রতিযোগিতা জিততে হলে দলের সবকিছু প্রায় নিখুঁত হতে হবে।

আত্মবিশ্বাস বাড়ানোর জন্য শক্তিশালী দলের বিপক্ষে আরও বেশি ম্যাচ খেলার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। সাফের আগে আসন্ন ফিফা উইন্ডোতে আসিয়ান কাপে খেলার সুযোগ না হলে ঘরের মাঠে অথবা কিরগিজস্তানে গিয়ে প্রস্তুতি টুর্নামেন্ট খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। সেই প্রস্তুতির দিকেই এখন তাকিয়ে আছেন কোচ থমাস ডুলি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad